১৪ জুন ২০১৩ - ১৯:৩০
ইরান সফর ছিল বিশাল সাফল্য: আফগান তালেবান

আফগানিস্তানের তালেবান তাদের প্রতিনিধিদলের সাম্প্রতিক ইরান সফরের ফলাফলের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে।

বার্তা সংস্থা আবনা : আফগানিস্তানের তালেবান তাদের প্রতিনিধিদলের সাম্প্রতিক ইরান সফরের ফলাফলের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ সফরকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন বলে উল্লেখ করেছে তারা। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি এ খবর জানিয়েছে। তবে প্রতিবেদনে তালেবানের পক্ষ থেকে ঠিক কোন্‌ কোন্‌ নেতা তেহরান সফর করেছেন এবং ইরানের কোন্‌ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের কথা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

তালেবান বলেছে, তাদের প্রতিনিধিদলের ইরান সফর ছিল আমেরিকা ও কাবুলে তার পদলেহি সরকারের জন্য বড় ধরনের চপেটাঘাত।

শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পশ্চিমা ষড়যন্ত্রেরও কঠোর সমালোচনা করেছে আফগান তালেবান। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পাশ্চাত্য ও ইসরাইলের এ ঘৃণ্য অপচেষ্টা সফল হলে মুসলিম বিশ্বের মারাত্মক ক্ষতি হবে।

তালেবান এমন সময় তাদের প্রতিনিধিদলের ইরান সফরকে বিশাল সাফল্য হিসেবে উল্লেখ করলো যখন তেহরান এ ধরনের কোনো সফরের কথা অস্বীকার করেছে। গত ২ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস আরাকচি এ খবরের সত্যতা অস্বীকার করেছিলেন যে, কাতারে অবস্থিত দফতর থেকে একটি তালেবান রাজনৈতিক প্রতিনিধিদল ইরান সফর করেছে।

তালেবান গেরিলারা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই’র সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সাম্প্রতিক সময়ে কাতারে একটি রাজনৈতিক দফতর খুলেছে। আফগানিস্তানে ১২ বছরের গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে তারা এ আলোচনা শুরু করেছে।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার অজুহাতে মার্কিন সরকার ২০০১ সালে দেশটি দখল করে নিলেও গত ১২ বছরে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থির উন্নতি হওয়ার পরিবর্তে মারাত্মক অবনতি হয়েছে।